গোলাপগঞ্জে ছাত্রলীগ নেতা জুমানের বাড়িতে পুলিশের তল্লাশির অভিযোগ



সিলেট প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইদুর রহমান জুমানের বাড়িতে পুলিশের তল্লাশি চালানোর  অভিযোগ উঠেছে।

জানা যায়, গতকাল  ১০ জুলাই রাতের দিকে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশের একটি দল উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের পশ্চিম বারকোট গ্রামে সাইদুর রহমান জুমানের বাড়িতে যায়। এ সময় বাড়ির বিভিন্ন অংশে অনুসন্ধান করা হয় বলে ছাত্রলীগ নেতা জুমানের পিতা দাবি করেছেন।

সাইদুর রহমান জুমানের বাবা মো. মুজিবুর রহমান বলেন, ‘আমরা তখন বাড়িতে ছিলাম না। পরে আমাদের এক প্রতিবেশীর ফোনের মাধ্যমে পুলিশের তল্লাশির বিষয়টি জানতে পারি।’

তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না কিংবা কী কারণে এ তল্লাশি চালানো হয়েছে, সে বিষয়ে জানতে একাধিকবার গোলাপগঞ্জ মডেল থানার হটলাইন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে পুলিশের পক্ষ থেকে জানানো হয় – সাইদুর রহমান জুমান ও তার পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ রয়েছে।