বিশ্বনাথে শীর্ষ সন্ত্রাসী সৈয়দুর গ্রেফতার


ডেস্ক রিপোর্ট : বিশ্বনাথের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও একাধিক হত্যা মামলার আসামী মোঃ সৈয়দুর রহমানকে অস্ত্রসহ গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার (০৭ সেপ্টেম্বর) রাতে বিশ্বনাথ থানার এস.আই মোড়ল মিজানুর রাহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেফতারকৃত সৈয়দুর বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের বাসিন্দা।


পুলিশ সূত্রে জানা যায়, আলোচিত সন্ত্রাসী সৈয়দুর বিভিন্ন মামলায় এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে বিশ্বনাথ থানায় অন্তত ৪টি মাদক ও হত্যা মামলা রয়েছে। এছাড়াও চাঁদবাজি, অবৈধ অস্ত্র রাখা, হামলাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে সে এলাকায় সন্ত্রাসী তৎপরতা চালিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছিল।


বিশ্বনাথ থানার ওসি জানান, বিশ্বনাথ থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, অস্ত্র উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে বিশ্বনাথ থানাধীন রাজাগঞ্জ বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সৈয়দুরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সন্ত্রাসীকে গ্রেফতারে স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামীলীগের কর্মীরা সর্বাত্মক সহযোগিতা করেছেন। সহযোগিতার জন্য তাদেরকে ধন্যবাদ জানান।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এলাকার শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।