গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা সালমান আজাদের বাড়িতে হামলা-ভাঙচুরের পর আগুন



সিলেট সংবাদদাতা :   গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালমান আজাদের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। বুধবার রাতে উজেলার উত্তর বাদেপাশা ইউনিয়নের কেওটকোনা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার রাতে একদল দুর্বৃত্ত প্রথমে সালমান আজাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে হামলাকারীরা ঘরে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ছুটে এসে তা নিয়ন্ত্রণের চেষ্টা চালান। তবে আগুনের তীব্রতায় ঘরের ভেতরে থাকা আসবাবপত্রসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।


ঘটনার পর সালমান আজাদ কয়েকজন স্থানীয় রাজনৈতিক নেতার বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, “ওরা শুধু আমার বাড়ি পুড়িয়ে দেয়নি, আমার জীবনটাকেই ধ্বংস করে দিয়েছে। আমার মা-বাবা আজ আতঙ্কে দিন কাটান। রাজনৈতিক চাপ ও নিরাপত্তাহীনতার কারণে আমার পরিবারও আমার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হয়েছে। আজ আমি পরিবারহীন, আশ্রয়হীন ও নিরাপত্তাহীন।”

তিনি আরও বলেন, “আমি মানুষের জন্য রাজনীতি করেছি। অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি। ছাত্রদের পাশে দাঁড়িয়েছি। কিন্তু আজ সেই রাজনীতিই আমাকে নিজের পরিবার থেকেও বিচ্ছিন্ন করেছে। আমি এখন এমন এক মানুষ, যার না আছে নিজের ঘর, না আছে পরিবারের সঙ্গ।”

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা বলেন, “খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”