এনামুল হোসেন বাবর (গোলাপগঞ্জ প্রতিনিধি):: গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাদের নাম ভাঙিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি জাহেদুর রহমান।
তার বিরুদ্ধে এমন অভিযোগ আছে যে, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে, আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্যাতন ও স্থানীয় সরকার নির্বাচনে ভোট ডাকাতির মাস্টারমাইন্ড হিসেবে জোরালো ভূমিকা রেখেছিলেন। বর্তমানে তিনি লক্ষণাবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিনের ছোট ভাই পরিচয়ে দাপিয়ে বেড়াচ্ছেন সর্বত্র।
নিজে বিএনপি নেতা হলেও লক্ষণাবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিনের পরিচয়ে তিনি অবৈধ ভাবে ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রিs করেছেন প্রতিনিয়ত। তাছাড়া, তিনি উপজেলা আওয়ামী নেতাদের নাম ভাঙিয়ে বাজারের একজন বিধবা মহিলার দোকান জোর করে দখল করে অফিস হিসেবে ব্যবহার করছেন বলেও অভিযোগ উঠেছে।
এবিষয়ে জানতে চাইলে, অভিযুক্ত লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি জাহেদুর রহমান প্রথমে প্রতিবেদক'কে সংবাদ প্রকাশ না করার অনুরোধ করেন। তারপর প্রতিবেদক আবার এবিষয়ে জানতে চাইলে, তিনি নানান ভাষায় গালিগালাজ করেন। তিনি কোনো একদিন তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে মোবাইল ফোন বন্ধ করে দেন।
এবিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বলেন, এখনো এমন কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। অভিযোগ পাওয়া গেলে শেল্টার দাতা আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: দৈনিক শ্যামল সিলেট
