কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাটের বীরদল গ্রামে এমসি কলেজ স্টুডেন্টস রাইটস এসোসিয়েশনের সেক্রেটারি ও ছাত্র সংগঠক শাহ আলমের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ জুন) রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। ছাত্র অধিকার আন্দোলন নিয়ে প্রতিহিংসার জেরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতে আগুন দেখতে পেয়ে তাঁরা ছুটে যান। পরে সবাই মিলে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই বেশিরভাগ কক্ষ ভস্মীভূত হয়ে যায়।
শাহ আলম অভিযোগ করে বলেন, ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী পঙ্কজ পুরকায়স্থ তার দলবল নিয়ে আমাকে হত্যার উদ্দেশে বাড়িতে হামলা করে। আমি পিছনের দরজা দিয়ে পালিয়ে আত্মরক্ষা করলেও তারা আমাকে না পেয়ে আমার বসতঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনে আমার বাড়ির বেশিরভাগ কক্ষই জিনিসপত্র সহ পুড়ে ভস্মীভূত হয়ে যায়
এমসি কলেজ স্টুডেন্টস রাইটস এসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম এক বিবৃতিতে এ ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতা পঙ্কজ পুরকায়স্থের সাথে একাধিকবার যোগাযোগ করেও তাঁর বক্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি। তাছাড়া স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
