সাবেক কলেজ ছাত্রদল সভাপতির নেতৃত্বে প্রবাসী সাংবাদিক বাবরের বাড়িতে হামলা- হত্যার হুমকি


নিজস্ব সংবাদদাতা:: গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি তোফায়েল আহমদ সুমেলের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক এনামুল হোসেন বাবরের বাড়িতে হামলা ভাংচুর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। 

জানা যায়, গতকাল বিকেলে এনামুল হোসেন বাবরের গোলাপগঞ্জ উপজেলাধীন করগ্রাম উজান পাড়াস্থ বাড়িতে এই হামলা ভাংচুরের ঘটনা ঘটে। 

এসময় সন্ত্রাসীরা দেশে এলে তাকে হত্যা করা হবে বলেও হুমকি দিয়ে যায়। ভুক্তভোগী বাবর উপজেলার করগ্রামের আব্দুল খালিকের পুত্র। তিনি বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। দেশে থাকাকালীন সময়ে তিনি দৈনিক শ্যামল সিলেট পত্রিকার গোলাপগঞ্জ প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। 

আরও জানা যায়, বাবরের সাথে ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি  তোফায়েল আহমেদ সুমেলের পূর্ব শত্রুতা ছিলো। বাবর যখন দেশে ছিলেন তখন সুমেলের বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করেছিলেন তিনি। সেই জের ধরেই এই হামলা হয়েছে জানান বাবরের স্বজনেরা।


এদিকে, ঘটনার পরপরই এলাকায় আতংক বিরাজমান রয়েছে । দেশে অবস্থানরত তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এবিষয়ে, তোফায়েল আহমেদ সুমেলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।