সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ সহ গোলাপগঞ্জ থানায় ৪৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা



নিজস্ব প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ-বিজিবি এবং সন্ত্রাসীদের গুলিতে নিহত বারকোট গ্রামের মৃত মকবুল আলীর পূত্র তাজ উদ্দিন (৪০) এর পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

বুধবার (২৮আগস্ট) নিহত তাজের স্ত্রী মোছা: রুলী বেগম বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় ২৮ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ১৪/১৪০ । মামলার এজহারে প্রধান আসামী করা হয়েছে সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম না‌হিদকে । এছাড়াও গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, আ'লীগ নেতা আলী আকবর ফখর, ছাত্রলীগ নেতা সালমান আজাদ সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের ২৮ জনের নাম উল্লেখ করা হয়। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। এ মামলা নিয়ে এখন পর্যন্ত ৬ টি হত্যা মামলা থানায় রেকর্ড হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ আব্দুন নাসের।

প্রসঙ্গত, সরকার পতনের আগের দিন গত (৪ আগস্ট) দুপুর ২টার দিকে বাড়ির পাশেই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পুলিশ-বিজিবি ও ছাত্র জনতার সংঘর্ষ হয়। ওইদিন গোলাপগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি অভিজিৎ চৌধুরীর উপস্থিতিতে পুলিশ, বিজিবি ও সন্ত্রাসীরা গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান বারকোট গ্রামের মৃত মকবুল আলীর পূত্র ব্যবসায়ী তাজ উদ্দিন (৪০)। ৬ ভাই-বোনের মধ্যে দুই কন্যা সন্তানের জনক তাজ উদ্দিন ছিলেন সবার বড়। গোলাপগঞ্জে তাজ উদ্দিন সহ ৬জন নিহত হন।