চাঁদপুরে কবি নজরুল কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদের বাড়িতে হামলা-ভাংচুর


চাঁদপুর সংবাদদাতা:: কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদের গ্রামের বাড়িতে হামলা ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা। 

ভুক্তভোগী নূর মোহাম্মদ বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তিনি চাঁদপুর সদর উপজেলারর ঘুনাথপুর গ্রামের মৃত মোঃ মোস্তফা পাটোয়ারীর ছেলে। 

জানা যায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে এমন খবর প্রকাশ হওয়ার সাথে সাথে সারাদেশে আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাসা-বাড়িতে হামলা করেছে ছাত্রজনতা। এরই ধারাবাহিকতায় গতকাল (৫ আগস্ট) বিকেলে চাঁদপুর রঘুনাথপুর গ্রামে তার নিজ বাড়িতে হামলা ও ভাংচুর করে দুর্বৃত্তরা।

এবিষয়ে ভুক্তভোগী নূর মোহাম্মদের মা ছালেহা বেগম জানান, দেশে থাকাকালীন সময়ে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলো আমার ছেলে নূর মোহাম্মদ। কিন্তু সে এখন যুক্তরাজ্যে অবস্থান করছে। তারপরও একদল চিহ্নিত সন্ত্রাসীরা আমার চাঁদপুরের গ্রামের বাড়িতে এসে এই নগ্ন হামলা ও ভাংচুর করেছে। তারা অধিকাংশই বিএনপি ও জামাত-শিবিরের নেতাকর্মী। 

এবিষয়ে চাঁদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গণমাধ্যমে বলেন, এ সম্পর্কিত কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।