যুক্তরাজ্যে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন: দেশেও শ্বশুর বাড়িতে হামলার অভিযোগ


নিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্য প্রবাসী দম্পতি মধ্যে পারিবারিক কলহ এর জের ধরে সিলেটের বিশ্বনাথে স্ত্রীর বাবার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে স্বামী মাসায়াব বিন আহাদের উপর। বর্তমানে স্বামী-স্ত্রী উভয়ই যুক্তরাজ্যে অবস্থান করছেন। 

জানা যায়, ২০২৩ সালের মে মাসের দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার উছমানপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে মাসায়াব বিন আহাদ ও পাশ্ববর্তী বিশ্বনাথ উপজেলা সদরের কাদিপুর গ্রামের আফিক আলীর মেয়ে ছামিয়া বেগম পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের কিছু দিনের মধ্যেই স্বামীর সাথে স্পাউস ভিসায় বৈধভাবে যুক্তরাজ্যে যান ছামিয়া। 


এদিকে, যুক্তরাজ্য যাওয়ার সময় স্ত্রীর পরিবারের কাছ থেকে যৌতুক হিসেবে নগদ ৭ লক্ষ টাকা নেন মাসায়াব বিন আহাদ। বিয়ের পর থেকেই স্বামীর আচার-ব্যবহারের ব্যাপক পরিবর্তন লক্ষ্য করেন স্ত্রী। মাঝে মধ্যে ছোটখাটো বিষয়েও শারীরিক ও মানসিক নির্যাতন করতেন স্বামী। তাছাড়া তিনি যুক্তরাজ্যে যাওয়ার পরও নানান সময়ে স্ত্রীর পরিবারের কাছে কয়েক লক্ষ টাকা যৌতুক দাবি করেন। এসময় টাকা দিতে অস্বীকৃতি জানালে স্ত্রীকে নির্যাতন করতেন তাছাড়া প্রায় সময়ই লেগে থাকে তাদের পারিবারিক কলহ। পরবর্তীতে নির্যাতনের মাত্রা বৃদ্ধি পেলে সামিয়া যুক্তরাজ্য পুলিশকে ডেকে অভিযোগ দেন। তারপর তিনি নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে আলাদা থাকতে বাধ্য হন । কিন্তু বিষয়টি কোনো ভাবে মেনে নিতে পারছিলেন না স্বামী মাসায়াব বিন আহাদ। 

 স্বামী মাসায়াব বিন আহাদ এবং তার যুক্তরাজ্য প্রবাসী ভাই রায়হান আহমদ প্রায় সময়ই ছামিয়াকে কে নানান হুমকি দিয়ে আসছিলেন। তিনি দেশে গেলে দেখে নেওয়ার হুমকিও দিচ্ছিলেন তারা দুইজন। এসব ঘটনার মধ্যেই গতকাল বিশ্বনাথ উপজেলা সদরের ছামিয়ার কাদিপুরের বাবার বাড়িতে একটি সন্ত্রাসী গ্রুপ হামলা ও ভাংচুর করে চলে যায়। এতে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ এই হামলা অংশগ্রহণকারী পাশ্ববর্তী ওসমানীনগর উপজেলার বাসিন্দা এবং এই হামলা করিয়েছে তাদেরই যুক্তরাজ্য প্রবাসী মেয়ের জামাই মাসায়াব বিন আহাদ।


এবিষয়ে জানতে চাইলে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এখনো আমরা লিখিত কোনো অভিযোগ পাইনি,পেলে আইনানুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।