দাড়িপাল্লায় ভোট না দেওয়ায় কুলাউড়ায় সনাতনীদের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ


কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া উপজেলাতে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বী অসিম চক্রবর্তীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে উপজেলার অসিম চক্রবর্তীর পরিবারকে বাংলাদেশ জামায়াত ইসলামীর দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’তে ভোট দেওয়ার জন্য চাপ ও হুমকি দেওয়া হয়। ভোট না দিলে এলাকায় বসবাস করতে দেওয়া হবে না এবং ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হবে বলে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী অসিম চক্রবর্তী জানান, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী শওকতুল ইসলাম শকুর পক্ষে এলাকায় একটি সমাবেশ করেন এবং ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার আশ্বাস দেন। পরবর্তীতে নির্বাচনে এ আসনে বিএনপি প্রার্থী বিজয়ী হন এবং জামায়াত প্রার্থী পরাজিত হন।

অভিযোগ অনুযায়ী, গত ১৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বাংলাদেশ জামায়েত ইসলামী কুলাউড়া উপজেলা শাখার আমীর আব্দুল করিম, সাধারণ সম্পাদক সোহেল আহমদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহ মো. আহসান হাবীব এবং জামায়াতের উপজেলা শাখার কোষাধক্ষ্য আসাদ উদ্দিনের নেতৃত্বে কয়েকজন অজ্ঞাতনামা সহযোগী ভুক্তভোগী অসিম চক্রবর্তীর বাড়িতে যান। সেখানে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে মারধরের হুমকি দেওয়া হয়। পরে ঘরবাড়ি ও আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং বাড়ির সামনে থাকা খড়ের ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

উক্ত ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগী অসিম চক্রবর্তী বাদী হয়ে  কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেন,মামলা নাম্বার = ৩৫(৯৫)২০২৬ তারিখ=১৪/০২/২০২৬ইং,কুলাউড়া থানার জি আর নাম্বার = ৯৫/২০২৬।

এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।